ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা আরিফ (৪০) ও ফরিদপুরের মামুন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মোটরসাইকেলটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কেয়টখালী এলাকায় পৌঁছালে চালক সেটির নিয়ন্ত্রণ হারান এবং সড়ক বিভাজকে আছড়ে পড়েন। এতে চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই তা স্বাভাবিক হয়।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে চালক ও আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।