রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। তবে তাদের সম্মানি ভাতা ও অন্যান্য সুবিধা বিদ্যমান সিটি করপোরেশন আইনেই নির্ধারিত হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার (৯ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে।

২০২৩ সালের ২১ জুন অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তৃতীয়বারের মতো রাসিকের মেয়র হন এএইচএম খায়রুজ্জামান লিটন। ২০০৮ সালে তিনি প্রথমবার মেয়র নির্বাচিত হন। তবে ২০১৩ সালে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হন। খায়রুজ্জামান লিটন দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন ২০১৮ সালে।

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক ২০২৩ সালের ১২ জুনের নির্বাচনে তৃতীয়বারের মতো খুলনা সিটি করপোরেশনের মেয়র হন। এর আগে ২০০৮ সালের ৪ আগস্টের নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার খুসিকে মেয়র নির্বাচিত হন তিনি। তবে ২০১৩ সালে সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির কাছে হেরে গিয়েছিলেন। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে খুলনা সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বার মেয়র হন খালেক।