পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, যমুনা নদীতে ভাঙন রোধে বন্যার আগেই বেড়িবাঁধের নির্মাণকাজ শুরু হবে। যমুনার ভাঙন রোধে প্রকল্প নেয়া হয়েছে। এজন্য সমীক্ষা চলমান রয়েছে। এরই মধ্যে ২ দশমিক ৯ কিলোমিটারের একটি প্রকল্প প্রক্রিয়াধীন। চলতি বন্যার মধ্যে কাজটি শুরু করলে টেকসই হবে না। পানি কমে গেলে কাজ শুরু হবে। ফলে পরবর্তী বন্যায় নদীতে ভাঙন থাকবে না।

গতকাল সকালে টাঙ্গাইল সদর উপজেলার পৌলী গ্রামে যমুনা নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) মাহবুুর রহমান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।