নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, খালেদা জিয়া বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে এসে এদেশকে ঋণগ্রস্ত দেশ হিসেবে পরিণত করেছিলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশ বিদেশ থেকে আর ঋণ নেয় না, এখন বাংলাদেশ অন্য দেশকে ঋণ দেয়। এটা একমাত্র সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সে উন্নয়ন আজ গিয়ে পৌঁছেছে গ্রাম থেকে গ্রামান্তরে।

গতকাল দিনাজপুরের বিরল উপজেলার নবগঠিত রাজারামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সাবেক সচিব নুরুল ইসলাম। রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বিরল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহসভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।