মুন্সিগঞ্জের
সদরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে
গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ একজনসহ আহত হয়েছেন আরো ছয়জন। শনিবার (১২ এপ্রিল) ভোরে
উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত
পারভেজ খান ছোট মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ আরেকজন হলেন
একই গ্রামের মোহাম্মদ রাব্বি খাঁ।
বিষয়টি
বণিক বার্তাকে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)। তিনি
বলেন, ‘ভোরে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে নেয়ার পথে পারভেজ খান ছোট মারা গেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন
করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
স্থানীয়রা
জানান, ছোট মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামের মো. সেলিম ও তার চাচাতো ভাই আহম্মেদের
সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার, মামলা ও সালিস বৈঠক নিয়ে বিরোধ চলছিল। তারা দুজনই
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শনিবার ভোরে আহম্মেদের সমর্থকরা মামুনের লোকজনের
বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে
সংঘর্ষ লাগে। এতে দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন। এদের মধ্যে পারভেজ খান মারা গেছেন।
মুন্সিগঞ্জ
জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. শাওন বলেন, ‘গুলিবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে
উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের
কারণে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে
তিনি মারা গেছেন।’










