আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল থেকে পুলিশকে দুরে থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। ধৈর্যের সঙ্গে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সারাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাদকের বিস্তার রোধ করতে হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দল থেকে নির্বাচনী দায়িত্ব পালনের সময় দূরে থাকবেন। তাদের তেল দেয়া থেকে বিরত থাকবেন। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা আসবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ সময় কারো কথায় কান দেয়া যাবে না।
নির্বাচের আগে লটারির মাধ্যমে পোস্টিং দেয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।










