ফরিদপুরে দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে কোতয়ালী থানায় এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে বিস্তারিত জানোনো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্নিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

ওই বছরের ৩০ সেপ্টেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। সেই সঙ্গে বাবরসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা দেয়।