ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১০ দিনে ২ হাজার ৫৬৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। তারা বিভাগের ৫ জেলার স্থানীয় প্রশাসন নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। এসব কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে থেকে বিজিবিও মোতায়েন করা হয়েছে।
রোববার (০৯ মে) দুপুরে খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান ২৬ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত এসক বাংলাদেশী দেশে এসেছেন। এই আসা অব্যাহত রয়েছে।
ভারত থেকে আগত বাংলাদেশি নাগরিকদের নিয়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম গ্রহন বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কোয়ারেন্টাইন থাকা নাগরিকদের মধ্যে যশোরে ১ হাজার ১৪০ জন, খুলনায় ৫২১ জন, নড়াইলে ৯৯ জন, ঝিনাইদহে ১৬৩ জন, সাতক্ষীরায় ৩৩০ জন এবং মাগুরায় ৫০ জন যাত্রী কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন।
বিভাগীয় কমিশনার জানান এরপরে যারা আসবে তাদেরকে কুষ্টিয়ায় পাঠানো হবে। কুষ্টিয়াতে উতোমধ্যে ২০০ জনকে রাখার জন্য আবাসন প্রস্তুত করা হয়েছে।
জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তত্বাবধানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের দেখাশোনা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন জেলার এসব কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে আজ থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের একটি বিষয় জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন নতুন কোনো সংক্রমিত যাত্রীকে দেশে আনা হবে না। আগামী ১১ মে ২৬ এপ্রিল আগত যাত্রীদের কোয়ারেন্টাইন শেষ হবে। এসব ব্যক্তিরা সাফল্যের সঙ্গে কোয়ারেন্টাইন শেষ করার পর সার্টিফিকেট পাবেন।
অবহিতকরণ সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন।










