ভুল চিকিৎসাসহ বিভিন্ন অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে পাঁচ চিকিৎসককে বড় ধরনের অস্ত্রোপচারে (অপারেশন) নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পাঁচ চিকিৎসক হলেন ফারজানা তালুকদার ন্যান্সি, তাওহীদা আক্তার, রাকিবুল হাসান, জান্নাতুল ফেরদাউস ইতি ও মাহবুবা হক মিতু। এর মধ্যে ন্যান্সি ও তাওহীদা রামগঞ্জ আল-ফারুক হসপিটাল, রাকিবুল আধুনিক হাসপাতাল, ইতি চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মিতু ফেমাস হাসপাতালের চিকিৎসক।

নিষেধাজ্ঞাসহ এ চিকিৎসকদের আটটি নির্দেশনা দিয়ে সোমবার পরিপত্র জারি করেন উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তাতে উল্লেখ করা হয় সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত উচ্চতর ডিগ্রি ছাড়া ও ন্যূনতম প্রশিক্ষণ না নিয়ে কোনো চিকিৎসক বড় ধরনের অপারেশন করতে পারবেন না। 

রামগঞ্জ আল-ফারুক হসপিটালের চিকিৎসক ফারজানা তালুকদার ন্যান্সির ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের গাফিলতির কারণে কয়েকদিন আগে নাজমা খাতুন নামের এক প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বজনরা হাসপাতালটি ঘেরাও করে চিকিৎসক ন্যান্সির শাস্তি দাবি করেন। 

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. নাজমুল হককে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সাইফুল আমিন, মেডিকেল অফিসার সাবিহা সুলতানাকে সদস্য করে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। 

জানতে চাইলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার বলেন, ‘কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে পাঁচ চিকিৎসককে বড় ধরনের অপারেশন করতে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে। একই সঙ্গে বৈধ কাগজপত্রবিহীন হাসপাতালগুলোকেও নোটিস করা হয়েছে।’