স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ‘বিএনপি যদি সন্ত্রাস-জঙ্গিবাদের মধ্য দিয়ে কিছু করতে চায়, এ দেশের মানুষই তার জবাব দিয়ে দেবে। ঘটনা যেখানেই ঘটে সেখানেই মামলা হয়। বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন। ঘটনায় ভুক্তভোগীরা মামলাগুলো দায়ের করেন। বিএনপি এটাকে গায়েবি মামলা বলে অপপ্রচার চালাচ্ছে। যেগুলো গায়েবি মামলা বলা হচ্ছে, সেসব ঘটনা ঘটেছে বলেই মামলাগুলো হয়েছে।’
গতকাল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে রায়পুর উপজেলা আর্ট স্কুল উদ্বোধন ও শ্রী শ্রী রাধা মদন জিউর মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়সহ উপহার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। বিকালে রায়পুর মার্চেন্ট একাডেমি মাঠে আওয়ামী লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্র করে আসছে। অতীতে তারা অগ্নি সন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়েছে। কাজেই এ দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছরে দেশকে উন্নয়ন আর অর্থনৈতিক সমৃদ্ধ করেছেন। দেশকে বদলে দিয়েছেন। মানুষ যখন কোনোভাবেই সাড়া দিচ্ছে না, তখন বিএনপি নানা হুংকার দিচ্ছে। দেশ অচল করে দেবে। আবার মানুষ হত্যা করবে। এ ধরনের হুংকার-সন্ত্রাস মানুষ পছন্দ করে না। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে।’
পূজামণ্ডপ নিয়ে তিনি বলেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। এবার প্রায় ৩২ হাজার ৪০০ পূজামণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য মণ্ডপগুলোয় প্রায় ছয় লাখ আনসার নিয়োগ দেয়া হয়েছে। পুলিশসহ স্বেচ্ছাসেবীরাও মণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন। সবার মাঝে একটি শঙ্কা কাজ করছে। তবে আমরা বলছি কিছুই ঘটবে না।’
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানগুলোয় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ প্রমুখ।










