চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারত থেকে আসা ১৬টি গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১০ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ টহলদল চারটি স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মনাকষা বিওপির আওতাধীন মনোহরপুর গ্রাম থেকে ৬টি এবং ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি গরু উদ্ধার করা হয়।

এ ছাড়া মাসুদপুর বিওপির আওতাধীন চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং ওয়াহেদপুর বিওপির আওতাধীন তেররশিয়া গ্রাম থেকে আরো ২টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব গরু সীমান্ত এলাকা থেকে বিজিবির হেফাজতে নেয়া হয়। গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সব ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।