১৬১০৫ নম্বরে ফোন কলে তথ্যসেবা মিলবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক)। একই নম্বরে ফোন করে জানানো যাবে যেকোনো সমস্যা, অভিযোগ ও পরামর্শ। গতকাল রাসিক কল সেন্টার চালু করেছে নগর কর্তৃপক্ষ। নির্বিঘ্নে নাগরিক সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ।
দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কল সেন্টার উদ্বোধনের পর সেখানে বসে নিজেই নাগরিকদের সঙ্গে কথা বলেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র। রাসিক সূত্র জানায়, দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে রাসিকই প্রথম এ সেবা চালু করল। আপাতত সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কল সেন্টার চালু থাকবে।
একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অধীনে দুই শিফটে ছয়জন অপারেটর নাগরিকদের তথ্যসেবা দেবেন। পরে ২৪ ঘণ্টা এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে রাসিকের।
অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলিসহ অন্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।










