বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লাখ টাকা মূল্যের কয়লার দাহ্য ক্ষমতা পরীক্ষার যন্ত্রটি (বোম্ব ক্যালোরিমিটার) উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে যন্ত্রটি উদ্ধার করে রামপাল থানা পুলিশ।
আটককৃতরা হলেন রামপাল উপজেলার বর্ণী গ্রামের বাচ্চু শেখের ছেলে বাদশা শেখ (২৩), পিরোজপুরের নরখালী গ্রামের নুর আলমের ছেলে রাব্বি ইসলাম (২৪), ফকিরহাটের চিত্রা গ্রামের প্রকাশ চন্দ্র শীলের ছেলে কার্তিক শীল (২৫) ও খাজুরা গ্রামের শামসুল আলমের ছেলে আবুল কারিম (২৭)।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ১৪ জানুয়ারি রাতে যন্ত্রটি চুরি হয়ে যায়। পরে ১৬ জানুয়ারি রামপাল থানায় এ-সংক্রান্ত একটি মামলা দায়ের করেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ।
রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।










