দেশের ছয়টি জেলা ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে।আজ বিকেল ৩টায় আবহাওয়া অধিদপ্তরের স্টেশনগুলোতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, এ তাপপ্রবাহ আগামীকালও অব্যাহত থাকতে পারে। তবে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে ঢাকায় গরমের অনুভূতি বেশি হলেও তাপপ্রবাহ হয়নি। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা সাধারণত ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি ধরনের তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হলে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়।