নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। এ স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে দেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলে নেটওয়ার্কের আওতা বাড়ানো এবং শহরাঞ্চলে ভবনের অভ্যন্তরে মোবাইল সংযোগের মান উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে।

গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের অফিস কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর পাশাপাশি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাও জুনইয়ং, চিফ মার্কেটিং অফিসার জিয়াং শিয়াও, অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী এবং প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিন উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন জেডটিইর চিফ মার্কেটিং অফিসার জিয়াং শিয়াও, অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী এবং প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিন। 

টেলিটকের তথ্যানুযায়ী ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের রেডিও সিগন্যাল তুলনামূলকভাবে কম ফ্রিকোয়েন্সির হওয়ায় অধিক দূরত্বে পৌঁছাতে এবং ভবনের ভেতরে নেটওয়ার্ক সংযোগ উন্নত করতে সহায়তা করে। ফলে এ ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে সংযোগ সম্প্রসারণ ও গ্রাহকদের উন্নত সেবা দেয়ার সুযোগ তৈরি হতে পারে।

টেলিটক জানিয়েছে, স্পেকট্রাম সংগ্রহের এ উদ্যোগ প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটি সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত টেলিযোগাযোগসেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে।