যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সহযোগিতাপূর্ণ ও নিখুঁত সম্পর্ক নিশ্চিতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, ‘‌যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সহযোগিতাপূর্ণ এবং আরো নিখুঁত সম্পর্ক নিশ্চিতের আশা প্রকাশ করছি। উভয় দেশই গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয় সার্বভৌমত্বের নীতির ওপর প্রতিষ্ঠিত। উভয় দেশই মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে।’ গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘‌জনগণের মতামতকে তুলে ধরার জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনকি গণতন্ত্রকে আরো নিখুঁতভাবে প্রতিষ্ঠিত করতে প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে চেষ্টা করেছেন। সৌহার্দ এবং গণতন্ত্রকে আরো উন্নত করতে উভয় দেশেরই মহান সংগঠক প্রয়োজন। এ মহান সংগঠকরা হচ্ছেন সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ, সুশীল সমাজ, অধিকারকর্মী ও এমন মানুষ যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে।’

সবশেষে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারকে আমরা প্রস্তাব দিয়েছি দ্বিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে আমরা কী কী করতে পারি সে বিষয়ে আলোচনা চালিয়ে যেতে।’