মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আব্দুল কুদ্দুস (৪০) নামের এক আনসার সদস্যকে কুপিয়ে  হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. শাহিন নামের (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে আনসার সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন।

ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, গতকাল সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাত্ক্ষণিক বিভিন্ন আলামত সংগ্রহ করে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে অন্য আনসার সদস্য মো. শাহিনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, শাহিন ও কুদ্দুসের মধ্যে মাঝেমধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হতো। এরই জের ধরে শাহিন বঁটি দিয়ে কুদ্দুসকে কুপিয়ে হত্যা করেন। প্রাথমিকভাবে হত্যার ঘটনা স্বীকার করেছেন শাহিন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।