আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সুপ্রিম কোর্ট যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছে, সেই তত্ত্বাবধায়কের কাছে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান থেকে আমরা এক চুলও নড়ব না।’ ফরিদপুর সার্কিট হাউজে গতকাল বিকালে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে, ঢাকঢোল পিটিয়ে তারা আন্দোলন শুরু করে আর প্যানপ্যানানিতে তা শেষ হয়। দৌড়াতে দৌড়াতে পদযাত্রা থেকে এখন মানববন্ধনে গিয়ে দাঁড়িয়েছে। যে আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই, সেই আন্দোলন কখনো সফল হয় না। বিএনপির এখন টার্গেট দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করা, আন্দোলনে তারা ব্যর্থ।’ 

এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।