উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে যমুনায় পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজিপুর স্পার বাঁধের অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে। গতকাল সকালে কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার (তীর রক্ষা) বাঁধ এলাকায় এ ধস দেখা দিয়েছে।

সলিড স্পারের ৩০ মিটার এলাকা ধসে যাওয়ায় হুমকির মুখে পড়েছে কাজিপুর থানা কার্যালয়,  উপজেলা খাদ্যগুদাম, রেজিস্ট্রি অফিস, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

এ বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক বাড়িঘর, রাস্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে কাজিপুর উপজেলা রক্ষায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার স্পার নির্মাণ করা হয়। ২০১২ ও ২০১৩ সালে স্পারটির মূল অংশের ১৫০ মিটার ধসে যায়। পরে স্পারের মাটির অংশটুকু রক্ষায় সিসি ব্লক দিয়ে রক্ষা করা হয়। শুক্রবার সকালে সেই স্পার বাঁধটির অংশের ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়।

কাজীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব জানান, যমুনা নদীতে গত কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে গতকাল সকালে মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এতে মুহূর্তেই স্পারের প্রায় ৪০ মিটার নদীগর্ভে চলে গেছে। এ বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক বাড়িঘর, রাস্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, কাজীপুরে স্পার বাঁধ ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করা হয়েছে।