বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কিতহীন হয় তাহলে অবশ্যই মেনে নেয়া হবে। সব দলই মেনে নেবে। তবে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যাচ্ছে, পাশাপাশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেসব বিষয় মেনে নেয়া হবে না। গুলশান মডেল স্কুল এন্ড কলেড কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু বিভিন্ন নিউজে দেখেছি যে গতকাল রাত্রে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা প্রত্যাশা করছি, শান্তিপূর্ণভাবে জনগণের ভোটাধিকার প্রয়োগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত রাতে যেভাবে চেষ্টা করেছেন, আজকেও তারা চেষ্টা অব্যাহত রাখবেন।

তিনি আরো বলেন, ‘মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা আছে। আমি সকলকে আহ্বান করব যেন মানুষ শান্তিপূর্ণভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার উদ্যোগ নিতে পারি। তাছাড়া জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ কনফিডেন্ট। আমরা চাই আমরা কমবেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে।’

ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘ঢাকা শহরে যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে, আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। সারা দেশের খবর আমি এখনো পাইনি। পাঁচ ঘণ্টা অতিবাহিত হয়েছে। এতক্ষণ বিভিন্ন জায়গায় ঘুরেছি। মোবাইলের মাধ্যমে বিভিন্ন খবর আমি দেখেছি।’

আজকের দিনটি ১৭ বছরের আন্দোলের সফলতা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না। ১৭ বছর ধরে যারা ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল সকলের জন্য আজকে একটি স্মরণীয় দিন।’