রংপুর কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর আলম (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক একটি মামলায় বুধবার আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জাহাঙ্গীর আলম কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার মৃত মেনাজ উদ্দিনের ছেলে । তিনি মেনাজ বিড়ি ফ্যাক্টরি, মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকালে তাকে ছাড়পত্র দিলে কারাগারে নিয়ে আসা হয়। রোববার ভোরে আবার অসুস্থ হলে তাকে পুনরায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।