বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম ইন্টারপোলের ৯২তম সাধারণ সম্মেলনে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন। গতকাল শনিবার (২ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন তিনি।

আইজিপি সম্মেলনে ২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী।

সম্মেলনটি ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। এখানে ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক প্রভৃতি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় করবেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যা বৈশ্বিক পুলিশি সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

এবারের অধিবেশনে বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা, এআই ও পুলিশিংয়ের ভবিষ্যত, টেকসই বহুপাক্ষিকতা এবং আইন প্রয়োগকারী নেতৃত্বের ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্যানেল থাকবে। এছাড়া ইন্টারপোলের বিভিন্ন আইন ও বিধি সংশোধন, এক্সিকিউটিভ কমিটির নির্বাচন এবং বাৎসরিক বাজেট প্রণয়নসহ নানান সিদ্ধান্ত নেয়া হবে।

সম্মেলন শেষে আগামী ৯ নভেম্বর বাংলাদেশের পুলিশ প্রধানের দেশে ফেরার আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।