কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন ৩৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুন জ্বলছিল। খবর পেয়ে দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাসের নমুনা সংগ্রহ করেছে। দলটির নেতৃত্বে ছিলেন বাপেক্সের ব্যবস্থাপক (ভূতত্ত্ব) এস এম নাফিফুন আরহাম। গ্যাস উদ্গীরণস্থল ও আশপাশের এলাকায় যেকোনো মুহূর্তে বিস্ফোরণ ও ভূমিধসের আশঙ্কা জানিয়ে স্থানীয় বাসিন্দা ও আগন্তুকদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দিয়েছে বাপেক্স, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, তিন দিন ধরে চলা খননকাজের একপর্যায়ে প্রায় এক হাজার ফুট গভীর থেকে প্রচণ্ড বেগে গ্যাস বেরিয়ে আসে। এরপরই আগুন জ্বলে ওঠে। দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকায় ঘটনাস্থল ও আশপাশের এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, সেনাবাহিনীর ফায়ার টিম ও পুলিশ কাজ শুরু করে। পানি ও বালু ব্যবহারসহ বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা চালিয়েও আগুন নেভানো সম্ভব হয়নি। পরে পরিস্থিতি মূল্যায়নে বাপেক্সের সহায়তা নেয়া হয়।
বাপেক্সের ব্যবস্থাপক (ভূতত্ত্ব) এস এম নাফিফুন আরহাম জানান, ভূগর্ভের যে স্তর থেকে গ্যাস বেরিয়ে আসছে, সেখানে গ্যাসের চাপ ও নির্গমনের তীব্রতা বেশি। এ অবস্থায় জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভে আগুন ছড়িয়ে পড়া কিংবা অন্য স্থানে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ২০০ মিটার দূরে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও নিরাপদ দূরত্ব বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন ছোট খাল এলাকায় একটি বসতভিটার পাশে গভীর নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়।










