রাজশাহী
নগরীতে গ্রেফতার হয়েছেন মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের দুজন প্রধান নির্বাহী
কর্মকর্তা (সিইও)। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত
করেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। তিনি জানান, ২৩
আগস্ট আলাদা অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
আরএমপি
কমিশনার জানান, এমটিএফইর গ্রেফতার হওয়া দুই সিইও যথাক্রমে মোহনপুরে বিষহারা গ্রামের
দিপেন্দ্রনাথ সাহা (৪৩) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের লতিফুর বারী
(৪২)। দিপেন্দ্রনাথ মোহনপুর উপজেলার খালমগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের আদালতের
মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে উভয়েই নিজেদের অপরাধ স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। তাদের দেয়া
তথ্য যাচাই করার জন্য অভিযুক্তদের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। কমিশনার জানান, ঘটনার
সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে বের করার চেষ্টা করছেন তারা।
সংবাদ
সম্মেলনে পুলিশের তরফ থেকে জানানো হয়, দুবাই থেকে পরিচালিত কানাডাভিত্তিক মেটাভার্স
ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপ গ্রাহকদের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। হাজার
হাজার মানুষ তাদের জমানো টাকা হারিয়ে দিশেহারা হয় আছেন। আলোচিত বিষয়টি নিয়ে সাম্প্রতিক
এমটিএফই অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদ প্রচার হয়। খবরটি নিয়ে আলোচনা শুরু
হলে গত ২৩ জুলাই রাজশাহী জজ কোর্টের আইনজীবী জহুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি
করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। পরে আদালত বিষয়টি তদন্ত করার জন্য রাজপাড়া থানা
পুলিশ, সিআইডি ও পিবিআইকে নির্দেশ দেন।
তদন্তের
দায়িত্বপ্রাপ্তরা পরে এ ঘটনার সত্যতা খুঁজে পান এবং আসামিদের ধরতে অভিযান শুরু করেন।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার জেলার মোহনপুরে অভিযান চালিয়ে উল্লিখিত দুজনকে গ্রেফতার করে
সিআইডি ও পিবিআই। আরএমপি কমিশনার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো
হয়েছে।










