দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম। এতদিন প্রতি ভরির দাম ছিল ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।

গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। নতুন দর গতকাল বিকাল ৪টা থেকে কার্যকর হয়। 

এর আগে গত শ‌নিবার স্বর্ণের দাম একবার বাড়ানো হয়। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা করা হয়।

গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা (প্রতি গ্রাম ১০ হাজার ৮০ টাকা)। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।