ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে বিজয় লাভ করে তার মা প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন। গতকাল তিনি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।
আওয়ামী লীগ নেতা মো. কাওছার মাতুব্বরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যার সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, আবুল হাসান মেম্বারসহ সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গসংগঠগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা ও সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন) আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ২৬ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের টিকিট পান প্রয়াত সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। ৪ অক্টোবর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। এ নির্বাচনে লাবুর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান মিঠু। তবে প্রয়াত সংসদ উপনেতার সন্তান ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শাহদাব আকবর লাবু চৌধুরীর বিজয় অনেকটা নিশ্চিত বলে ভোটারদের ধারণা।










