সপ্তম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আজ ১৯ মে তিনি এভারেস্ট চূড়ায় পৌঁছান।

ইকরামুল হক শাকিলের ফেসবুক পেইজে তার অভিযান সংশ্লিষ্টরা এ খবর জানিয়েছেন।

এক পোস্টে বলা হয়েছেন— এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প ৪ এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না। দীর্ঘ ৮৪ দিনে সমুদ্র থেকে এভারেস্টের শিখরে পৌঁছাল শাকিল। এখন ফিরে আসার অপেক্ষায়।

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে এভারেস্ট চূড়ায় পৌঁছানোর এই অভিযানকে ইকরামুল হক শাকিল নাম দিয়েছেন ‘সি টু সামিট’। সে লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশে শুরু হয় তার অভিযান। তিনি ১,৪০০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে গত ২৯ এপ্রিল এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান।

তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। একে একে ক্যাম্প থ্রি পর্যন্ত পৌঁছে আবার বেজক্যাম্পে নেমে আসেন ১০ মে। এরপর মূল অভিযানের জন্য বেজক্যাম্প থেকে ১৬ মে ক্যাম্প ২-এ পৌঁছান শাকিল। ১৭ মে ক্যাম্প-৩ এবং ১৮ মে ক্যাম্প-৪-এ পৌঁছান। এই ক্যাম্প থেকেই আজ চূড়ার উদ্দেশে যাত্রা করে সফল হলেন শাকিল।