ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে ঢাকার ধানমণ্ডির একটি বাসা থেকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে ফরিদপুর নিয়ে আসে পুলিশ। লুত্ফর রহমান নান্নু নামে এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গতকাল বেলা সাড়ে ১২টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা। তিনি জানান, সিদ্দিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও জবরদখলের অভিযোগে একাধিক মামলা রয়েছে ফরিদপুর কোতোয়ালি থানায়।










