বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও আঞ্চলিক সড়ক অবরোধ করেছে।

সোমবার (১ এপ্রিল) শিল্প পুলিশের কাশিমপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার জানান, কোনাবাড়ী জরুন এলাকার কেয়া নীট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কারখানায় প্রবেশ করে। পরে তারা কাজে যোগ না দিয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়াসহ বেতন পরিশোধ এবং ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার সামনের কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেয় এবং সড়কটি অবরোধ করে রাখে।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, কেয়া নীট কম্পোজিট লিমিটেড কারখানার ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এরই মধ্যে গত এক সপ্তাহে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বেশ কয়েকবার কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ তা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্ত আজ সোমবার পর্যন্ত তাদের দাবি পূরণ না হওয়ায় সকালে কারখানায় এসে তারা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে সব প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার আরো জানান, আগামী ৭ এপ্রিল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হবে জানিয়ে কারখানা কর্তৃপক্ষ নোটিস টানিয়ে দেয়। কিন্ত শ্রমিকরা এতে আশ্বস্ত হতে না পেরে এ প্রতিবেদন লেখার সময় (দুপুর) পর্যন্ত কাজে যোগ না দিয়ে কারখানার অভ্যন্তরে অবস্থান গ্রহণ করে।