কুষ্টিয়ার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নিশান হোসেন (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নাল হোসেন (৩৮) নামে একজন আহত হয়েছেন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বণিক বার্তাকে জানান, ভোর ৪টার দিকে চার ব্যক্তি ওই গ্রামে যায়। বিষয়টি টের পেয়ে গ্রামের লোকজন চোর সন্দেহে তাদের ধাওয়া করে। দুজন পালাতে সক্ষম হলেও ধরা পড়েন নিশান ও জয়নাল। এরপর উত্তেজিত জনতা ওই দুজনকে ব্যাপক মারধর করে। ঘটনাস্থলেই মারা যান নিশান। গুরুতর আহত হন জয়নাল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়নালকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। নিহত নিশানের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
ওসি জানান, ঘটনাস্থলে কী ঘটেছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ওই চারজন চোর ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।










