বগুড়ার শেরপুরে পণ্যবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার মির্জাপুর যমুনাপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো দুজন।
নিহতরা হলেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী নীলা খাতুন (৩৫) ও ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে অর্পিতা সাহা (২০)। আহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক ইউসুফ আলী (৩৫) ও টুকটুকি সাহা (৩০)।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, চান্দাইকোনা বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়ায় যাচ্ছিল। পথিমধ্যে মির্জাপুর যমুনাপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে ঢাকার দিকে চলে যায়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নীলা খাতুন মারা যান। আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে অর্পিত সাহা মারা যান।
শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর পরই পালিয়ে যাওয়ায় ট্রাক ও ট্রাকের চালক-হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি। পাশাপাশি এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।










