মিরসরাইয়ে ডাবরখালী খালে বাঁধ দেয়ার প্রতিবাদে ও অপসারণ দাবিতে শত শত কৃষক মানববন্ধন করেছেন। গতকাল উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বঙ্গবন্ধু শিল্পনগর সড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, কৃষক প্রতিনিধি সুদর্শন রায়, মো. সালাউদ্দিন প্রমুখ।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উন্নয়নে সাগরের বালি দিয়ে জায়গা ভরাটকাজ করতে ডাবরখালী খালে অপরিকল্পিতভাবে বাঁধ দেয় একটি প্রতিষ্ঠান। খালে বাঁধের কারণে ভরাটকাজের জন্য সাগর থেকে তোলা বালির লোনা পানি কৃষকদের শত শত একর জমির ফসল নষ্ট করে ফেলছে। দ্রুত খালের বাঁধ অপসারণ করা না হলে স্থানীয় কৃষক চরম ক্ষতির সম্মুখীন হবেন।
মানববন্ধনে অংশ নেয়া কৃষক আবদুর রব জানান, ডাবরখালী খাল চরশরৎ এলাকার জন্য গুরুত্বপূর্ণ একটি খাল। শতবছরের পুরোনো এ খাল দিয়ে বর্ষার সময় মায়ানী, মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নের পানি সাগরে গিয়ে পড়ে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের উন্নয়নকাজে একটি প্রতিষ্ঠান পাইপের মাধ্যমে সাগর থেকে বালু এনে জায়গা ভরাটকাজ শুরু করে। ভরাটকাজ করতে গিয়ে খালের একটি অংশে অপরিকল্পিতভাবে বাঁধ দেয়া হয়। এতে বালির সঙ্গে আসা সাগরের লোনাপানি সাগরের দিকে না গিয়ে কৃষকদের ফসলে দিকে আসতে শুরু করে। লোনাপানির কারণে তার প্রায় আড়াই একর জমিতে থাকা সরিষা, মুগ, ঢেঁড়শ, বেগুন ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। পলাশ দাস নামে আরেক কৃষক জানান, তিনি প্রায় দুই একর জমিতে বিভিন্ন ধরনের সবজি ও রবি শষ্য চাষ করেছেন। কিন্তু বালির সঙ্গে আসা লোনাপানি জমিতে ডুকে এখন ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শুধু আব্দুর রব, পলাশ দাস নয় এভাবে শত শত কৃষক তাদের ফসল বাঁচাতে খাল থেকে দ্রুত বাঁধ অপসারণের দাবি করেন।










