বরগুনার গলাচিপা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমরান পরিবহন নামের একটি বাসে ডাকাতি হয়েছে। এ সময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।
সোমবার (২৪ মার্চ) রাত ৩টার দিকে বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
বাসের যাত্রীরা জানান, সড়কে গাছ ফেলে ডাকাতরা বাসের গতিরোধ করে। ইমরান পরিবহনের একটি বাসে হামলা চালায় সশস্ত্র ডাকাতরা। যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকাতের কবলে পড়া বাসটি যাত্রীসহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।’










