টাঙ্গাইলের মির্জাপুরে দেশী-বিদেশী ব্যান্ডের নকল কেমিক্যাল তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাবের একটি দল। সেখানে হারপিক, ভিকসল, গ্লাস ক্লিনার, পুটিং, মি. ব্রাসোসহ ৭/৮ প্রকারের দেশী বিদেশী নকল কেমিক্যাল পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সদরের বংশাই রোডের ত্রিমোহন স্যালুঘাট এলাকার কারখানায় টাঙ্গাইল র্যাব-১২-এর একটি দল অভিযান চালায়। এ সময় নকল ও ভেজাল পণ্য তৈরি কারখানার মালিক তোফাজ্জল হোসেনকে (৬০) গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল মালেক কারখানার মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছেন।
অভিযানে নেতৃত্ব দেয়া র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, তোফাজ্জল হোসেন শাহিনুর কেমিক্যাল কোম্পানি নাম দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের কেমিক্যাল পণ্য সামগ্রী নকল করে বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানার মালিককে গ্রেফতার ও বিপুল পরিমান পণ্য জব্দ করা হয়েছে।
মির্জাপুরের ইউএনও মো. আবদুল মালেক বলেন, নকল কেমিক্যাল কারখানা সিলগালা করাসহ মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।










