নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে গতকাল খুলনা শিপইয়ার্ড লিমিটেডের (খুশিলি) নিজস্ব সক্ষমতায় নৌবাহিনীর জন্য নির্মাণাধীন তিনটি এলসিটির মধ্যে তৃতীয় এলসিটি (এলসিটি-১০৪) আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়েল) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মাকসুদ আলম ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলসিটি-১০৪ লঞ্চ করেন। এছাড়া অনুষ্ঠানে সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিজস্ব সক্ষমতায় ও কানাডার ভার্ড মেরিনের নকশায় নির্মিত হয়েছে এলসিটি-১০৪। দৈর্ঘ্য ৭৪ দশমিক ৫ মিটার, প্রস্থ ১৩ মিটার এবং ১ হাজার ৫০৫ টন ডিসপ্লেসমেন্ট বিশিষ্ট এ জাহাজ ঘণ্টায় ১৭ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে এম্ফিবিয়াস অভিযানে স্পেশাল ফোর্স পরিবহনের পাশাপাশি সামরিক ভারি সরঞ্জামাদি ও ভেহিকল উপকূলীয় ও দ্বীপাঞ্চলে স্থানান্তরের জন্য এ ধরনের ল্যান্ডিং ক্রাফট ট্যাংক জাহাজ ব্যবহৃত হয়। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, উদ্ধার অভিযান, অনুশীলন ও প্রশিক্ষণ এবং দুর্গম উপকূলীয় এলাকা বা দ্বীপাঞ্চলে লজিস্টিক সহায়তা প্রদানের ক্ষেত্রে এ জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। —আইএসপিআর










