সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিশ্চন্দ্রকাঠি বিলে বিষ মিশ্রিত সরিষা খেয়ে কবুতর-ঘুঘুসহ অন্তত ৮০টি পাখির মৃত্যু হয়েছে। গত শনিবার বিকাল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একের পর এক পাখি মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গতকাল খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, গত ১৯ ডিসেম্বর তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী হরিশ্চন্দ্রকাঠি বিলে সরিষার বীজ বপন করেন। পাখির আক্রমণ থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে বপনের আগে বীজে বিষ মাখিয়ে দেন তিনি। পরদিন ওই খেতের সরিষা খেয়ে অসুস্থ হয়ে মারা যেতে থাকে পাখিগুলো। এখন পর্যন্ত অন্তত ৮০টি পাখির মরদেহ পাওয়া গেছে।
হরিশ্চন্দ্রকাঠি গ্রামের বাসিন্দা জিন্নাত খাঁ ও হায়দার আলী জানান, তাদের অনেক কবুতর মারা গেছে। তারা বলেন, ‘পাখি কি বোঝে বীজে বিষ মাখানো আছে? এভাবে নিরীহ পাখির মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনায় ক্ষতিপূরণ চাই এবং অভিযুক্ত আব্দুল বারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল বারীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।










