মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিকদের শোষণের চেষ্টা করা হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা ভেঙে চুরমার করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে থাকা সিন্ডিকেটের অস্তিত্বও রাখা হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫টি এজেন্সি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, এসব এজেন্সি ‘মাস্টার এজেন্সি’ হিসেবে কাজ করবে এবং তাদের অধীনে অ্যাসোসিয়েট এজেন্সি থাকবে। কোন মানদণ্ডে এসব এজেন্সি নির্বাচন করা হয়েছে, তা সরকারকে স্পষ্ট করতে হবে। সরকারের সংশ্লিষ্টতা ছাড়া এ ধরনের সিন্ডিকেট কীভাবে তৈরি হলো, সে ব্যাখ্যাও সরকারকে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, আমরা চাই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হোক। তবে কোনো অসৎ ব্যবসায়ী বা প্রতিষ্ঠান যেন এর সুবিধা নিতে না পারে। জনগণকে শোষণের চেষ্টা করা হলে তা মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, আমরা এখানে কারো মুখের দিকে তাকাব না, আমরা জনগণের স্বার্থের দিকে তাকিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব।
দেশের বিভিন্ন খাতেও সিন্ডিকেট রয়েছে দাবি করে শফিকুর রহমান বলেন, শুধু শ্রমবাজারেই নয়, বাজারসহ বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট গড়ে উঠেছে। সরকার গঠনের সুযোগ পেলে এসব সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিয়েও কথা বলেন জামায়াত আমির। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাদ দেয়ার কোনো উদ্যোগ নেয়া হলে তা জুলুম ও অবিচার হবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, একজন নাগরিক দেশে থাকুন বা প্রবাসে, ভোটার হলে তার ভোট দেয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আইনজীবী শাহরিয়ার কবির। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।










