দেশে বর্তমানে ভিন্নমত ও পথের মানুষের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কারাগারে বন্দি করা হচ্ছে নির্বিচারে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে স্বাধীন দেশকে আওয়ামী লীগের জমিদারি বানানো হয়েছে।’
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ ও মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী অতিমাত্রায় বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে।’










