টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রাতে পরিবারের সবাই মিলে খাবার খাওয়ার পর সাদ্দাম হোসেন ঘরের মেঝেতে বসে মোবাইল দেখছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে সখীপুরের আলমগীর মেডিকেল হলে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার সকালে জানাজা শেষে সাদ্দাম হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের বাবা জানান, সাদ্দাম রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন। তিনি এক সন্তানের জনক ছিলেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) রয়েছে। সাপে কাটা ঘটলে সময় অপচয় না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।










