ময়মনসিংহের হালুয়াঘাটে মিক্সার মেশিন বোঝাই ট্রলি উল্টে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার সরচাপুর গ্রামের হারুন অর রশিদ (৬৫) ও হাবীবুর রহমান হবি (৩৫)। গতকাল সকাল ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের ইটাখলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, হালুয়াঘাট উপজেলা সদর থেকে একটি বাড়িতে কাজ করতে ইটাখলা এলাকায় মিক্সার মেশিন নিয়ে যাচ্ছিলেন ৮-১০ জন নির্মাণশ্রমিক। ট্রাক্টর ট্রলিতে করে মিক্সার নেয়ার সময় মেশিনের পাশে এসব শ্রমিকও বসা ছিলেন। ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের ইটাখলায় পৌঁছতেই ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হারুন অর রশিদ নামে একজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন চারজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবীবুর রহমান হবিকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।