দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন বলেও জানান তিনি।

গতকাল রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খুদে খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা হচ্ছে। এসব খেলোয়াড় ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনবে বলে প্রত্যাশা তার।

অনুষ্ঠানে কিকবক্সিংকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান আয়োজকরা। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সমাজকল্যাণমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিন। এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রীড়াবিদ, কোচ, রেফারি, মন্ত্রণালয় ও ক্রীড়াসংশ্লিষ্ট কর্মকর্তাসহ ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।