বাংলা ভাষাভাষী ২৬ কোটি জনসংখ্যার মধ্যে বাংলাদেশে ১৬  এবং ভারতে ১০ কোটির বাস। দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতির আদান প্রদান অনেক পুরনো।  আজ শুক্রবার দুপুরে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সীমান্তের শূন্য রেখায় এ কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু প্রতীম রাষ্ট্র। ২৬ কোটি বাংলা ভাষাভাষীর মধ্যে ভারতে আছে ১০ কোটি। আমাদের দেশে আছে ১৬ কোটি। কাজেই আমাদের এক ও অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে।

কে এম খালিদ আরো বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আগরতলায় ৪০ তম বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বই মেলায় বাংলাদেশ সব সময়ই অংশগ্রহণ করে থাকে। সফরে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় ও সাংস্কৃতিক মতবিনিময় হবে বলে জানান তিনি।

এর আগে সাংস্কৃতি প্রতিমন্ত্রী সড়কপথে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, কসবা আখাউড়া সার্কেল এসপি কামরুল হাসান প্রমুখ। আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে বরণ করেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও আগরতলা স্থলবন্দর কর্মকর্তা নন্দীবাবু।