পাবনার চাটমোহরে নির্মাণাধীন বাড়ি থেকে দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশুর নাম খাদিজা খাতুন। সে  ওই গ্রামের বাবলু হোসেনের মেয়ে। এ ঘটনায় বাবুল হোসেনের এক মামাতো ভাইকে আটক করেছে পুলশ।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, খাদিজার মাথায় আঘাত ও নির্মাণাধীন ভবনের দেয়ালে রক্তের চিহ্ন রয়েছে। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

আটককৃত আহসান হাবীব একই গ্রামের সুরুজ হোসেনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কী কারণে ওই শিশুকে হত্যা করা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা বলছেন, মেয়েকে বিকালের নাশতা কিনে দিতে আহসান হাবীবকে ১০ টাকা দেন খাদিজার মা। ফুফুর কথামতো খাদিজাকে কোলে নিয়ে গিয়ে স্থানীয় একটি দোকান থেকে সে নাশতা কিনে দেয়। তারপর থেকে দুজনকেই খুঁজে পাচ্ছিলেন না তাদের স্বজনরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থলে খাদিজা খাতুনের মরদেহ পাওয়া যায়। এর পরই ঘটনাটি জানানো হয় পুলিশকে।

চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। শিশুটির মামাতো ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।