রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে সাজেক ইউনিয়নের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা (৪৯) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেতকাবা গ্রামের রঙ্গমনি চাকমার ছেলে।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯)-সহ দুই জন শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে রাত যাপন করেন। সেখান থেকে আজ ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ঠ্যাঙাড়ে (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিবৃতিতে এ হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ নেতা ইউপিডিএফ-গণতান্ত্রিক দলকে দায়ী করেছেন। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেন ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা।
রাঙ্গামাটির সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের কাছে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।
এদিকে ঘটনার পর হত্যার প্রতিবাদে সাজেক ইউনিয়নের উজোবাজারে বিক্ষোভ করেছে ইউপিডিএফের নেতাকর্মীরা।










