প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সরজমিনে পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘গত বছর প্রবল বৃষ্টিপাতের পরও এখানে কোনো ধরনের সমস্যা হয়নি। এক ফোঁটা পানিও ভেতরে আসতে পারেনি, সবাই সুন্দরভাবে জামাতে অংশগ্রহণ করতে পেরেছে। যদিও এবার আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে। তার পরও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই আমরা এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন করেছি। সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। যদি এখানে সম্ভব না হয় তাহলে বায়তুল মোকাররমে পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে (সকাল ৯টায়)। আমি মনে করি, আমাদের যে আয়োজন আছে এর মাধ্যমে সবাই এখানে স্বাচ্ছন্দ্যে জামাতে অংশগ্রহণ করতে পারবে।’
এ সময় ডিএসসিসি মেয়র ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জানিয়ে ঢাকাবাসীকে পরিবার-পরিজন নিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের আহ্বান জানান। তিনি এ সময় ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। এছাড়া জাতীয় ঈদগাহে প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলেও তিনি গণমাধ্যমকে জানান।










