মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেল যোগাযোগ ২০০২ সালের ৭ জুলাই বন্ধ হয়ে গেলে শাহবাজপুর-থানা বাজার সড়কটিই যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে। প্রায় চার কিলোমিটার সড়ক দিয়ে শাহবাজপুরের মানুষ সিলেটে যাতায়াত করে। তবে দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত। ঝুঁকিপূর্ণ এ সড়কে বাড়ছে দুর্ঘটনা। পণ্য পরিবহনে ভোগান্তির পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয়।

পরিবহন চালকরা জানান, শাহবাজপুর-থানা বাজার সড়কে অনেক আগে উন্নয়ন কাজ হয়েছিল। এরপর কয়েক বছর ধরে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ভাঙা সড়কে নিরাপদে গাড়ি চালাতে চালককে যেমন সতর্ক থাকতে হচ্ছে, তেমনি যাত্রীরাও থাকেন আতঙ্কে। মাঝেমধ্যে গর্তে কিছু ইটের খোয়া ও বালি ফেলা হচ্ছে। কিন্তু বৃষ্টিতে ইট-সুরকি সরে গিয়ে পুনরায় গর্ত তৈরি হচ্ছে। সড়কটি সংস্কারের দাবিতে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দারা মানববন্ধনও করেছেন।

অটোরিকশাচালক আবু সাঈদ বলেন, ‘ভাঙা সড়কে অল্প গতিতে গাড়ি চালাতে হয়। যেখানে আগে সড়ক পার হতে ২০ মিনিট সময় লাগত, এখন ঘণ্টাখানেক সময় লাগে।’

স্থানীয় বাসিন্দা ছাইদুল ইসলাম বলেন, ‘এ এলাকার মানুষের জীবনযাত্রা, শিক্ষা, ব্যবসা ও জরুরি সেবার জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনভোগান্তি বেড়েছে। দ্রুত সড়ক সংস্কারে উদ্যোগ না নিলে আমরা কঠোর আন্দোলনে যাব।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, বড়লেখার শাহবাজপুর একটি প্রাচীন জনপদ। ব্রিটিশ আমনে এ এলাকা দিয়ে রেলপথ নির্মিত হয়। কুলাউড়া-শাহবাজপুর-আসাম রেলপথ দিয়ে এক সময় পণ্য পরিবহনের পাশাপাশি বড়লেখা ও সিলেটের বিয়ানিবাজারের মানুষ মৌলভীবাজারসহ দেশের বিভিন্নস্থানে যাতায়াত করতেন। ২০০২ সালের ৭ জুলাই হঠাৎ করেই বন্ধ হয়ে যায় কুলাউড়া-শাহবাজপুর রেল যোগাযোগ। এরপর থেকে সড়ক পথই যোগাযোগের একমাত্র ভরসা। শাহবাজপুর-থানা বাজার সড়কটি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়েছে। এরপর দৌলতপুর বাজার হয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার থানা বাজারে গিয়ে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। এক সময় শাহবাজপুর থেকে দৌলতপুর পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ছিল। বর্তমানে এটি মৌলভীবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে রয়েছে। দৌলতপুর সেতুর কানলী এলাকা থেকে থানা বাজার পর্যন্ত সড়ক সিলেট সওজ বিভাগের অধীনে রয়েছে। তবে গত কয়েক বছরে শাহবাজপুর-দৌলতপুর-থানা বাজার সড়কে কোনো ধরনের সংস্কার কাজ হয়নি।

এ ব্যাপারে সওজ বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’