পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় নিজেদের সম্পৃক্ততা বাড়ানো এবং আউটসোর্সিংয়ে সর্বোচ্চ সুবিধা আদায়ে নারীদের কারিগরি জ্ঞান বাড়ানো ও প্রশিক্ষণের বিকল্প নেই।

বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে উদ্যমী নারী এসএমই মেলার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের যে মূল্যস্ফীতি, এটি আমদানি মূল্যস্ফীতি। এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সরকারের কিছু করার নেই। আমদানীকৃত পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার ভ্যাট-ট্যাক্স উঠিয়ে দিয়েছে।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।