বরিশালে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার হারুন মল্লিক (৫৫), একই ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মৃত আ. খালেক তালুকদারের ছেলে পলাশ তালুকদার (৪৫) এবং বেলুখা এলাকায় মাহিন্দ্রা উল্টে মারা গেছেন দেলোয়ার হোসেন (৬০)।

বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর জানান, বরিশাল থেকে একটি থ্রি-হুইলার (মাহিন্দ্রা) চরমোনাই মাহফিলের যাত্রীদের নিয়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। সেটি বরিশাল জেলার বাকেরগঞ্জের আউলিয়াপুরের বেলুখা এলাকায় বরিশাল-কুয়াকাটা মহসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে মাহিন্দ্রার ছয়-সাতজন আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সেখানে আনার পর দেলোয়ার হোসেন নামে এক মুসল্লিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত দেলোয়ার হোসেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলার ভাংরা এলাকার খোরশেদ ঢালীর ছেলে। 

এদিকে গতকাল দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জের বড়িয়া বাজারসংলগ্ন সড়কে অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যাত্রী হারুন মল্লিকের। 

একই দিন বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ভরপাশা গ্রামে সাহেব আলী ফরাজীর বাড়িতে গাছ কাটার সময় পড়ে গুরুতর আহত হন পলাশ তালুকদার। তাকে গুরুতর অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।