রাজবাড়ীতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়েছে। আজ শনিবার দিনব্যাপী বালিয়াকান্দি উপজেলা ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
তিনি জানান, বালিয়াকান্দি ও জামালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দি আরোগ্য ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জামালপুর প্যাথলজি সেন্টার, দি অ্যাপালো, জননী ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। এ সময় টেকনিশিয়ান ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় জামালপুর প্যাথলজি সেন্টারের কাজী মঞ্জুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন কুমার, স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান, বালিয়াকান্দি থানার উপ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার জেলার ৫টি উপজেলা নির্বাহী অফিসারকে তা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।










