বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের মধ্যে সৌর বিদ্যুৎ উৎপাদন, পরিচালনা ও সংরক্ষণ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন শামীম আহমেদ। বিডার পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মো. মারুফুল আলম ও ডেসকোর পক্ষে স্বাক্ষর করেন কোম্পানি সচিব প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।

চুক্তি অনুযায়ী, বিডা ভবনের ছাদে ৯ হাজার ১০৫ বর্গফুট জায়গা জুড়ে সৌর বিদ্যুৎ সিস্টেম বসানো হবে। প্রকল্পটি বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে ডেসকো। ২০ বছরের মেয়াদের এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৯ লাখ টাকা এবং রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনে খরচ হবে প্রায় ৮৭ লাখ টাকা।

প্রকল্পটি থেকে ২০ বছরে আনুমানিক ২৮ লাখ ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে। এর আর্থিক মূল্য প্রায় ২ কোটি ৯৯ লাখ টাকা। উৎপাদিত বিদ্যুতের ৯০ শতাংশ ব্যবহার করবে ডেসকো ও বাকি ১০ শতাংশের মূল্য দেয়া হবে বিডাকে। একইসঙ্গে অর্জিত কার্বন ক্রেডিট সমানভাবে ভাগ হবে দুই প্রতিষ্ঠানের মধ্যে।

আগামী ১ অক্টোবর টেন্ডার আহ্বানের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হবে। ৩১ জানুয়ারি ২০২৬ থেকে উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারের ঘোষিত লক্ষ্য—২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ ও ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ—পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আশিক চৌধুরী বলেন, প্রকল্পটি সরকারি দপ্তরের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে এটি অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও মডেল হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম চালু করে। এর আওতায় সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করে ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এ কর্মসূচি ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের জাতীয় লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হবে।